গুলশান কার্যালয়ে চিকিত্সক দল

খালেদা জিয়া সুস্থ, নজরুল-সেলিমা অসুস্থ

 
একটি চিকিত্সক প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সোমবার সাক্ষাত করে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন যে, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার সঙ্গে কার্যালয়ে অবস্থান করা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অসুস্থ হয়ে পড়েছেন। তিন ঘণ্টা পর বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে এই তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. তাহির।
বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. মো তাহিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম কার্যালয়ে প্রবেশ করেন।
এ টিমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেলের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌহিদুল হক, এমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এপোলো হাসপাতালের সেবিকা লাবনী।
বেলা আড়াইটার দিকে চিকিত্সকদের টিমটি ঢাকা মেট্রো-ছ (৭১-০৮৯২) নম্বরের একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। পরে একটি ইসিজি মেশিন নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তারা। 
কার্যালয় থেকে বের হয়ে মো. তাহির বলেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সকরা আমাকে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষন করতে অনুরোধ করেছেন। কার্যালয়ে অবস্থান করা দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষনের জন্য আমি এখানে এসেছি।’তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ আছেন। তবে কার্যালয়ে অবস্থান কর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অসুস্থ। কার্যালয়ে আরো কয়েকজনের শারীরিক অবস্থা চেকআপ করেছেন বলে জানান মো. তাহির।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে অবস্থানকারীদের অনেকেরই দিনদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। টানা ৫১ দিন কার্যালয়ে অবস্থান করায় এখন তারা অসুস্থ বোধ করছেন।