জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য পদে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে পুনর্বহাল করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এরশাদ সোমবার তাজুল ইসলাম চৌধুরীকে ইতোপূর্বে প্রেসিডিয়াম থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, তাজুল ইসলামের সঙ্গে প্রেসিডিয়াম থেকে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকেও অব্যাহতি দিয়েছিলেন, কিছুদিন পর তাকেও ওই পদে পুনর্বহাল করেন এরশাদ।
ফখরুল-সেলিমের প্রতিবাদ
এদিকে, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাপার দু’পক্ষের ধাক্কাধাক্কি হয়েছে মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দলের দুইজন সংসদ সদস্য ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন।
এক প্রতিবাদপত্রে তারা বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ নিয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির কোনো ঘটনা ঘটেনি। এনিয়ে দলের কোনো কোনো নেতা যেসব মন্তব্য করেছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।