বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘তাদের বলি-কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলুন। হু ইজ খালেদা জিয়া? একজন অনির্বাচিত ব্যক্তির সঙ্গে এতো কিসের কথা। আপনাদের কোন কথা থাকলে সরকারের সাথে বলেন, সংসদের নির্বাচিত বিরোধী দলের সাথে বলেন। এর বাইরে যদি কিছু করতে চান, এটা শেখ হাসিনার নির্বাচিত সরকার, কূটনীতিক রীতিনীতি ভঙ্গ করার জন্য যেটা করা দরকার সেটাই করব। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেদিনও আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলেন না। তাই পরিষ্কার করে বলে দিতে চাই, কোনো বিদেশি প্রভাব চলবে না।’
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সমালোচনা করে শেখ সেলিম বলেন, অবরোধ হরতালের নামে দেশব্যাপী জ্বালাও-পোড়াও নাশকতা চালিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ভাবছেন, তৃতীয় কোনো শক্তি এসে ওনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। সেই দিন আর নেই। সেনাবাহিনী এখন আর কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। আর কোনো আর্মি অফিসার ওনাকে আশ্বাস দিলে তাতে লাভ হবে না, ক্ষমতায়ও বসাতে পারবে না। সেনাবাহিনী আর কোনদিন অবৈধভাবে ক্ষমতা নেয়ার সাহস পাবে না, কারণ অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদ্ল।
সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, তারা কিসের সুশীল? নাগরিক কমিটি অপরাধীদের আড়াল করতে সংলাপের কথা বলছে। এদের কারা সুশীল বানিয়েছে? নিজেরা নিজেদের সুশীল দাবি করছেন। জঙ্গি তত্পরতায় যারা উস্কানি দেবে, তারা টকশো করুক আর মিষ্টিশো করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার কথোপকথনের প্রসঙ্গ তুলে সেলিম বলেন, একজন বলেছেন বিশ্ববিদ্যালয়ে লাশ ফেললে সরকার উত্খাত করা যাবে। সরকার উত্খাত করে ক্ষমতায় যাওয়া যাবে। তাদের এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না।
রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) বেগম মাহ্যাবীন মোরশেদ বিএনপিসহ ২০ দলের উদ্দেশে বলেন, হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধ করুন। নইলে জনগণ এই রাজনীতি প্রত্যাখ্যান করবে। সরকারকে বলবো, যে কোনো উপায়ে সন্ত্রাস-নাশকতা বন্ধ করুন, কঠোর আইন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, জাপা পাশে থাকবে। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও নাশকতার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।