মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ ছাতিয়ান, ধলা ও গাংনী বাজারে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল ইসলাম জানান, ধলা গ্রামের গরীবউল্লাহর ছেলে আবুল কালাম ওরফে আলকামা (৩০) ফেন্সিডিল সহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার এসআই সুশান্ত জানান, উপজেলার বাওট ফকির পাড়া এলাকা থেকে করিম মন্ডলের ছেলে বেদ আলী (৫০) কে ২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে এসআই শংকর গাংনী বাজারে অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে ৩ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। হাফিজ মেহেরপুর কোর্টপাড়ার চাঁদ আলীর ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলা শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।