যশোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

 
যশোরের সদর উপজেলার ইছালি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মোশাররফ ইছালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইছালি ইউনিয়নের কিসমিত রাজাপুর গ্রামের মোকাম ম্ললের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ইত্তেফাককে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোশাররফ হোসেন মোটরসাইকেল নিয়ে শহরে আসছিলেন। যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া-বালিয়াডাঙ্গার মধ্যবর্তী বাহাদুরপুর সিনজেনটা অফিসের সামনে এলে দুইটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা পিছন দিক থেকে তাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ তা জানাতে পারেনি।