কুমিল্লায় হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

 
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামের তোফাজ্জল হোসেন হত্যা মামলায় তিনজনকে ফাঁসি এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৪র্থ আদালতের অতিরিক্ত দায়রা জজ চমন চৌধুরী এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু তাহের ওরফে ছরু মিয়া, আবদুস ছালাম ওরফে লিটন ও জহিরুল ইসলাম ওরফে জহির। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মো. বাহার ওরফে রোজেন, মিজানুর রহমান, মো. আ. মান্নান, সাহেব আলী ও  আরিফুজ্জামান ওরফে ইমন। এদের মধ্যে মিজানুর রহমান, মান্নান ও সাহেব আলী পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২ অক্টোবর গভীর রাতে সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে প্রবাসী তোফাজ্জল হোসেনের ঘরে ঢোকে। এসময় তোফাজ্জল ডাকাতদের বাঁধা দেয়। এতে ডাকাতরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার চাচাতো ভাই হারুন রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২৫ জন ডাকাতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর সিরাজুল হক ২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারি আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই আদেশ দেয়া হয়।