‘মান্নার বক্তব্যের সঙ্গে ষড়যন্ত্র আবিষ্কার দুরভিসন্ধিমূলক’

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের সঙ্গে এক এগারো বা অন্য কোন ষড়যন্ত্রের আবিষ্কার দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্য ইফতেখার আহমেদ বাবু। তিনি বলেছেন, মান্নাকে গ্রেফতার ও অস্বীকার করার মধ্যে গভীর কোন ষড়যন্ত্র কাজ করছে কি না, ভেবে দেখার বিষয়। অবিলম্বে মান্নার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ ও আটকের কারণ জানতে চেয়ে বৃহত্তর স্বার্থে তার মুক্তিও কামনা করেছেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইফতেখার আহমেদ বাবু এসব কথা বলেন।
তিনি বলেন,সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মান্নাকে ডিবি পুলিশ বনানীস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে ধরে নিয়ে গেছে। এখন আবার তার আটকের কথা অস্বীকার করা হচ্ছে।
তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য আমরা জাতীয় সংলাপের মাধ্যমে শান্তির প্রস্তাব দিয়েছি। এ দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছি। এর মধ্যে দুটি কথোপকথন নিয়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের দেশে ছাত্ররা সব সময়ই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্তৃত করা খুবই জরুরি। দেশের বর্তমান অবস্থায় এটা কীভাবে সম্ভব, তা নিয়েই মান্না কথা বলেছিলেন। কিন্তু সেই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে লাশ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে।
ইফতেখার আহমেদ বাবু আরো বলেন, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলা করা হচ্ছে। রাজনীতির প্রয়োজনে সবার সাথে কথা বলা দরকার। এর সঙ্গে এক এগারোর বা অন্য কোনো ষড়যন্ত্রের অবিষ্কার দুরভিসন্ধিমূলক। রাজনীতির প্রয়োজনে সবার সাথে কথা বলা দরকার। তারা কখনো সন্ত্রাস-সহিংসতা চান না।  গণতন্ত্রের দাবিতে আন্দোলনে আমরা সব সময়ই তৎপর আছি। কখনো সন্ত্রাস-সহিংসতাকে সমর্থন করি না। এ থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপকভাবে  জনগণকে সংযুক্ত করার চেষ্টাও করছি আমরা। মান্নার অবর্তমানে সংলাপের জন্য কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।