ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপিদের নাম ফলকের তালিকা থেকে মাহমুদুর রহমান মান্নার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে ডাকসুর সংগ্রহশালার কার্যালয়ে টাঙানো সাবেক ভিপিদের ছবির সারি থেকে মাহমুদুর রহমান মান্নার ছবি নামিয়ে তা পুড়িয়ে দেন সংগঠনটির একদল নেতাকর্মীসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মাহমুদর রহমান মান্নারা আজ রাজনীতির উচ্ছিষ্টে পরিণত হয়েছেন। তারা রাতের আঁধারে দেশ বিরোধী ষড়যন্ত্র করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যাওয়ার যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছেন বাংলাদেশের ছাত্র সমাজ তা কোন দিন হতে দিবে না। মান্নাদের ষড়যন্ত্রের কাছে দেশের ছাত্র সমাজ পরাজিত হবে না।
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যমূলক, জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি-জামায়াত জোট পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরামর্শে ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শ প্রতিষ্ঠা করা লক্ষ্যে বাংলাদেশে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে। তারা এদেশের ১৫ কোটি এসএসসি পরীক্ষার্থীকে জিম্মি করে, দেশের মানুষকে আগুনে পুড়িয়ে ক্ষমতায় চাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম, দক্ষিণের বর্তমান সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা প্রমুখ।