ফেনীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৩

 
 
ফেনীতে এক যুবদল নেতার বাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের স্থানীয় যুবদল নেতা বাহার উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
 
স্থানীয় বিএনপি ও যুবদল এ হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেছে। অন্যদিকে যুবলীগ ও ছাত্রলীগ এ হামলাকে যুবদলের আভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করেছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে কিছুই জানে না বলে জানান।
 
হামলায় বাহার উদ্দিন নিজে এবং তার পিতা মো. শাহজাহান, চাচাতো ভাই সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। তবে আহত অপর ৪ জনের নাম জানা যায়নি। এদের মধ্যে বাহার উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজাহান ও সাইফুল ইসলামকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
আহত শাহজাহান অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে ২০-২৫ জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার ছেলে বাহার উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে মারাত্মকভাবে আহত করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে (শাহজাহান), সাইফুল ইসলামকেও গুলি করে। এছাড়া এ ঘটনায় তার মা সহ আরও দুইজনকে পিটিয়ে আহত করে।
 
এদিকে এলাকার একাধিক লোক জানান, শনিবার ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বালিগাঁও যাওয়ার আগে তাঁর সৌজন্যে নির্মিত একটি তোরণ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পেছনে সেটিরই রেশ থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
 
ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম মামুন অভিযোগ করেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে। তবে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল এ অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য যুবদলের আভ্যন্তরীন কোন্দলকে দায়ী করেছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ বলেন, বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।