লটারিতে জয় হাজার কোটি টাকা

লটারিতে ৯৯০ কোটি টাকার বেশি জিতে নিলেন এক মার্কিন তরুণী। নর্থ ক্যারোলিনা ২৬ বছর বয়সী নারী ম্যারি হোলমেস চার সন্তানের জননী। এর মধ্যে একজন আবার সেরিব্রাল পালসিতে আক্রান্ত। গত ফেব্রুয়ারিতে দশটি লটারি টিকেট কিনেছিলেন তিনি।

যে তিনটি টিকেট মোট ৫৬৪ মিলিয়ন ডলারের পুরস্কার পেয়েছে তার একটি সৌভাগ্যবশত কিনেছিলেন ম্যারি। আর তাতেই লটারিতে জিতে  তার অংশের ১২৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৯৯০ কোটি টাকার বেশি) পাবেন তিনি। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি চিত্কার করছিলাম আর লাফাচ্ছিলাম। তিনি বলেন, তার জন্য আসল জয় হলো এ টাকা দিয়ে তার সন্তানদের জন্য কিছু করতে পারবেন তিনি। এছাড়া তিনি যে চার্চে যান সেখানে কিছু টাকা দেয়ার পরিকল্পনা করছেন। টাকার কিছু অংশ ভ্রমণ এবং বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা শেষ করার জন্যও ব্যয় করবেন ম্যারি। আর রয়েছে বিশেষ আরেকটি পরিকল্পনা, সেটি হলো মাকে একটি বাড়ি কিনে দেয়া। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার হাতে লটারির চেক তুলে দেয়া হয়েছে। ‘আমার পরিবারের এ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ’, আনন্দে উদ্বেলিত ম্যারি বলছিলেন সংবাদ সম্মেলনে। আমি আমার সন্তানদের বলেছি, তোমরা ঠিক বুঝবে না এর মানে কি। -বিবিসি