সুয়ারেজের জোড়া গোলে ম্যান সিটির ঘরের মাঠে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের পথ প্রশস্ত করল লুইস এনরিকের দল।
শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মেসি পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বড় হতে পারত।
IMG0
খেলার ১৬ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। ৩০তম মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ মিনিটে দানি আলভেজের একটি শট গোল বারে লেগে উপর দিয়ে চলে না গেলে তখনই ব্যবধান ৩-০ হতে পারত। দ্বিতীয়ার্ধেও কাঙ্ক্ষিত চমক দেখাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে ৬৯ মিনিটে দুর্দান্ত একটি গোল করে খেলায় ফেরার আভাস দেন এগুয়েরো। কিন্তু এর পাঁচ মিনিট পরেই চিলিসি লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যান সিটি। শেষ মিনিটে মেসি পেনাল্টি হাতছাড়া না করলেও হয়তবা এখানেই শেষ হয়ে যেত ম্যান সিটি চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন।