চেক প্রজাতন্ত্রের একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর ঐ বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের শহর উহারস্কি ব্রোডের মেয়র প্যাট্রিক কুসার জানিয়েছেন, দ্রাজবা রেস্টুরেন্টে এক বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আটজন নিহত এবং সাতজন আহত হয় যাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
প্যাট্রিক কুসার মনে করছেন, এর সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নাও থাকতে পারে। দেশটির প্রধানমন্ত্রী বহুস্লাভ সবোতকা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মিলান চোভানেক জানিয়েছেন, ঘটনাটি একক ব্যক্তি ঘটিয়েছে যার বয়স ৬০ বছর এবং স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ঐ সময় হোটেলটিতে ২০ জনের মতো লোক ছিল।