দাউদ ইব্রাহিমের সহযোগী আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ড

 
দুই দশক আগে নির্মাণ ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি আদালত।
১৯৯৫ সালের ৭ মার্চ মুম্বাইয়ের জুহু এলাকায় বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী প্রদীপ জৈন খুন হন । গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের আদালত, আবু সালেমসহ মোট তিনজনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেয়।
৪৭ বছরের আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। আবু সালেম ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার প্রধান সন্দেহভাজন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের একসময়কার ঘনিষ্ঠ সহযোগী।
সালেম ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনার পর ভারত ছেড়ে পর্তুগালে পালিয়ে যায়। পর্তুগাল সরকার ২০০৫ সালে তাকে ভারতের হাতে তুলে দেয়। তখন থেকে তিনি কারাবন্দী রয়েছেন।
পর্তুগালের দেয়া প্রত্যর্পণের শর্ত অনুযায়ী, খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। এই মর্মেই আদালতে সওয়াল করেন তার আইনজীবী। সূত্র: হিন্দুস্তান টাইমস