জয় বিকল্প ভাবছেন না মাশরাফি



প্রথম ম্যাচে জয় ও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার পয়েন্ট ভাগ বসানো বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। এই অবস্থায় জয়ের বিকল্প কিছুই ভাবতে নারাজ এই পেসার। তার বিশ্বাস, নিজেদের কাজটা করে ফেলতে পারলে আরেকটা জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব।


উইকেট দেখেছেন?
মাশরাফি: হ্যাঁ, গতকাল মাঠ দেখলাম। আজও দেখেছি। আমার কাছে উইকেট খুব ভালো মনে হয়েছে। এখানে আমরা ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটাও দেখেছি। মনে তো হচ্ছে, এটা খুব ভালো ব্যাটিং ট্র্যাক। আমাদের জন্য ভালো হবে বলেই মনে হচ্ছে। গতকাল এখানে ফিল্ডিং অনুশীলন করেছি। আমরা এখন খেলার জন্য মুখিয়ে আছি।

এমনিতে এমসিজি নিয়ে ধারণাটা কেমন?
মাশরাফি: আমরা তো প্রথম খেলবো। ফলে খুব ভালো ধারণা আছে বলা কঠিন। যতোটুকু খেলা দেখেছি, তাতে এটা বলা কঠিন।

মেলবোর্নে অনেক প্রবাসী শ্রীলঙ্কান থাকেন। আগের দুই ভেন্যুর মতো এখানে আপনারা সমর্থন বেশী পাবেন বলে মনে হচ্ছে না।
মাশরাফি: আমার মনে হয় না। এখানেও বাংলাদেশি সমর্থকরা আসবেন বলেই আমার বিশ্বাস। আমি গতকালই শুনেছি সিডনি থেকে অনেক বাংলাদেশি সমর্থক আসছেন। আমার তো মনে হয়, তাদের সামনে খেলাটা আরো একটা দারুণ অভিজ্ঞতা হবে। হ্যাঁ, অন্য দলের সমর্থকরাও থাকবেন। আমরা ভালো খেললে সব সমর্থকই খুশী হবেন।

আল আমিনের ব্যাপারটা কী দলে প্রভাব ফেলেছে?
মাশরাফি: এটা অতীত হয়ে গেছে। আর সে অন্যায় করেছে, শাস্তি পেয়েছে।  ব্যক্তিগতভাবে সে অন্যায় করে শাস্তি পেয়েছে। ফলে এর প্রভাব দলে পড়া উচিত না; অন্তত আমি তাই বিশ্বাস করি। আমরা মনে করি, বিশ্বকাপের সবচেয়ে শৃঙ্খলাপরায়ন দল বাংলাদেশ। আমরা ওই ব্যাপারটা নিয়ে আর ভাবছি না।

শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর আপনারা কতোগুলো ম্যাচ কাছে গিয়ে হেরেছেন...
মাশরাফি: ওই সময় আমরা ভালো করতে পারিনি। তাই বলে অতীত নিয়ে ভাবার সুযোগ নেই। আফগানিস্তানের ম্যাচের আগেও এসব প্রশ্ন উঠেছিল। তখনও বলেছি, এখনও বলি, আগের খারাপ বা ভালো পারফরম্যান্স মাঠে সঙ্গে থাকে না। আমরা তখন হেরেছি, কারণ খারাপ খেলেছি। কাল নতুন ম্যাচ। এখানে ভালো করলে জিততে পারবো।

মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাকে নিয়ে কী বিশেষ কোনো পরিকল্পনা আছে?
মাশরাফি: পরিকল্পনা কিছু থাকলেও সেটা ব্যাখ্যা করা কঠিন। তারা অবশ্যই অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আমরা তাদের এই দলকেই হারিয়েছি। আসলে এভাবে দেখার মানসিকতাটা বদলাতে হবে। ওদের দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে, এই মাঠে আমরা নতুন; এসব ভাবার সুযোগ নেই। ম্যাচে ভালো করতে হবে, জিততে হবে।