নিজের চেহারা আয়নায় দেখুন: ড. কামালকে শামীম ওসমান



গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আপনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। আপনি আমাদের নীতিকথা শেখাবেন না। শেখানোর আগে নিজের চেহারা আয়নায় দেখুন।’

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজেকে বাংলাদেশের যুবসমাজের অহঙ্কার বলে দাবি করেন।

ড. কামাল ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মামুদুর রহমান মান্নার নাম ধরে শামীম ওসমান বলেন, ‘এরা কারা? নিজেরা নিজেদের নাগরিক সমাজ বলে, সুশীল সমাজ বলে। তারা নীতির কথা বলে। ড. কামাল সেই ব্যক্তি যিনি কালো টাকা সাদা করেছেন। খালেদা জিয়া, সাইফুর রহমানের সঙ্গে তিনিও কালো টাকা সাদা করেন। মান্না ছাত্রদের লাশ ফেলতে চান। সেনাবাহিনী দিয়ে ক্যু করানোর জন্য তাদের সঙ্গে কথা বলতে চান। এই সেনাবাহিনী জিয়াউর রহমানের সেনাবাহিনী নয়, বঙ্গবন্ধু যে দেশপ্রেমিক সেনাবাহিনী গঠণের স্বপ্ন দেখেছিলেন এটা সেই সেনাবাহিনী। জিয়াউর রহমান স্বেচ্ছায় যুদ্ধ করেননি। জিয়াউর রহমান অস্ত্র সমর্পন করার সময় কর্নেল অলি (অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ) তাকে পিস্তল ঠেকিয়ে অস্ত্র সমর্পন করতে দেননি। তিনি বাধ্য হয়ে যুদ্ধ করেছেন, কাদের সিদ্দিকীর বইয়ে একথা লেখা আছে। বিএনপি এ লেখার প্রতিবাদ করেনি।’

খালেদা জিয়ার সমালোচনা করে শামীম বলেন, ‘খালেদা জিয়ার অনেক চেহারা দেখি। বাড়ি ছাড়ার সময় তিনি হাউমাউ করে কাঁদলেন। অপরদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ধানমন্ডির বাড়ি ছেড়ে দিলেন। কারণ তাদের সম্পদের প্রতি লোভ নেই।'