দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৩ শতাধিক রান চান গেইল



ক্রিস গেইল বলেছেন, বিশ্বকাপে শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে চতুর্থবার তিনশ’র বেশি রান করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ছন্দে ফেরা গেইল ১৪৭ বলে বিশ্বকাপ রেকর্ড ২১৫ রান করেন। কেবলমাত্র নিজের রেকর্ডই নয়, মারলন স্যামুয়েলসের (১৫৬ বলে ১৩৩ রান) সঙ্গে জুটি বদ্ধ হয়ে রেকর্ড ৩৭২ রান যোগ করেন গেইল। এ জুটির বড় সংগ্রহে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২ উইকেট হারিয়ে ৩৭২ রান করে। বৃষ্টি আইনে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৩৬৩ রানের লক্ষ্যমাত্র ছুঁড়ে দেয় ক্যারিবিয়রা। জবাবে খেলতে নেমে ৪৪.৩ ওভারে জিম্বাবুয়ে ২৮৯ রানে গুটিয়ে গেলে উন্নতির পথে থাকা ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় পায়।

ক্যারিবীয় দলটির পরবর্তী চ্যালেঞ্জ এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে। এ ম্যাচেই তৃতীয় জয় নিশ্চিত করতে পারলে কোয়ার্টারফাইনাল অনেকটাই নিশ্চিত হবে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের।
এ পর্যন্ত তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০৪, পাকিস্তানের বিপক্ষে ৩১০ এবং সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রান করেছে।

গেইল বলেন, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ৪-১ ব্যাবধানে ওয়ানডে সিরিজ হারা প্রোটিয়াসদের বিপক্ষে আবারো তার দলের লক্ষ্য হবে তিনশ’র বেশি রান করা।