ইরাকের তিরকিতের পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে নয় শিশুসহ ১১৮ জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আই এস) জঙ্গিরা। তিরকিতের একজন প্রভাবশালী শেখের বরাত দিয়ে খবরটি দিয়েছ আলজাজিরা। শেখ আনোয়ার জানিয়েছেন, তিরকিতের পূর্বাঞ্চলের রুবাইধা নামের একটি গ্রাম থেকে আইএস জঙ্গিরা এই লোকগুলোকে রবিবার অপহরণ করে। যে এলাকা থেকে এই লোকগুলোকে অপহরণ করা হয় সেখানকার দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে এই খবর পেতে দেরি হয়েছে বলেও তিনি জানান।
অপহরণ করা ১১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে ছেড়ে দিয়েছে জঙ্গিরা। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের অ্যাসিরীয় খ্রিস্টান গ্রাম থেকে অন্তত ১৫০ জনকে অপহরণ করে আইএস।
তিরকিতের শেখ আনোয়ার আরো জানিয়েছেন, অপহরণ করা অধিকাংশ লোকের পরিবারের সদস্যই আইএস বিরোধী আল-ওবাইদ নামের একটি গোষ্ঠীর হয়ে লড়াই করছে।