আজ বাংলাদেশের লংকান পরীক্ষা

বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব শহরে বাংলাদেশ দল খেলেছে, সব জায়গাতেই গ্যালারি দর্শকপূর্ণ করে ফেলেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। মেলবোর্নেও প্রবাসী বাংলাদেশিরা আসবেন। কিন্তু এখানে প্রবাসী শ্রীলঙ্কানরা স্টেডিয়ামের দখল নিয়ে নিতে পারে। ফলে গ্যালারির পুরো সমর্থনটা বাংলাদেশ পাবে না হয়তো।

গতকাল প্রশ্নটা উঠেছিল মাশরাফি বিন মুর্তজার সামনে। তিনি একটু হেসে বললেন, ‘আমরা জিততে পারলে সব দর্শকই আমাদের পক্ষে থাকবে।’
এটাই কথা। দর্শক যে দেশেরই হোন না কেন, জয় পেলে, ভালো খেললে করতালি মিলবেই। তবে বাংলাদেশের আজকের চাওয়া করতালির চেয়ে একটু বেশি কিছু। আজকের চাওয়া শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে পরিষ্কার এক ধাপ এগিয়ে যাওয়া। এই চাওয়া নিয়েই আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
ঘটনাচক্রে দুটি করে ম্যাচ খেলে ফেলা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়েই এই ম্যাচ শুরু করবে। বাংলাদেশ তাদের গত দুই ম্যাচ থেকে পেয়েছে তিন পয়েন্ট; আফগানিস্তানের সঙ্গে জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ। বিপরীতে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে কোনোক্রমে জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে যাচ্ছেতাইভাবে হেরেছে। এমনকি সর্বশেষ ছয় ম্যাচের হিসাব ধরলেও এগিয়ে আছে বাংলাদেশ।
কিন্তু কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, লাসিথ মালিঙ্গাদের বিপক্ষে এসব পরিসংখ্যান দেখিয়ে যে কাজ হবে না, সেটা বাংলাদেশ দলের চেয়ে ভালো কেউ বোঝে না। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘পরিসংখ্যান বা অতীত রেকর্ড কারো হয়ে মাঠে নামবে না। রেকর্ডে ওরা অনেক এগিয়ে, আমাদেরও পক্ষে কিছু রেকর্ড আছে। কিন্তু শেষ পর্যন্ত এটা নতুন একটা ম্যাচ। এই ম্যাচে যারা ভালো করবে, তারাই জিতবে।’
আর সেই জয়টা বাংলাদেশের পক্ষে আনার কোনো বিকল্প মাশরাফি দেখছেন না। তিনি নিশ্চিত, শ্রীলঙ্কা যত শক্তিশালী দলই হোক না কেন, বাংলাদেশ সেরা খেলাটা খেলতে পারলে অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব, ‘আমি তো জয় ছাড়া কিছু ভাবার সুযোগ দেখি না। তবে খেলায় হার-জিতটা মাঠেই ঠিক হয়; মুখে নয়। তাই এ নিয়ে বেশি বলে খুব একটা লাভ নেই। আমি বলবো,  জয় চাই। তার আগে আমাদের যার যে কাজ, সেটা যদি করতে পারি, জয় ইনশাল্লাহ অবশ্যই আসবে।’
জয়ের ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা অধিনায়ক। তবে তিনি বলছেন, বাংলাদেশের বিপক্ষে জয়টা মোটেও সহজ একটা ব্যাপার হবে না। শ্রীলঙ্কা আজ বাধ্য হয়েই একটা পরিবর্তন নিয়ে নামবে। ইনজুরিতে পড়া জীবন মেন্ডিসের বদলে আজ একাদশে থাকবেন লম্বা ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা। বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। আট ব্যাটসম্যান, তিন পেসারই খেলানোর সম্ভাবনা বেশি।

উইকেট মূলত ব্যাটিং সহায়ক হওয়ার কথা। সেই সঙ্গে ফাস্ট বোলারদের জন্য খাঁটি বাউন্স ও গতিশীল থাকবে উইকেট। আবহাওয়া রিপোর্ট বলছে, সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশে মেঘ আছে। সে ক্ষেত্রে দিবা-রাত্রির ম্যাচে পরে ব্যাট করাটা একটু কঠিন হবে।