বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, “খালেদা জিয়া ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘু’র ফাঁদ দেখেন নি। আপনি পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সেই দিন আর বেশি দূরে নেই।” বুধবার বিকালে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান খাঁন বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক-হানাদাররা বাঙালিদের গুলি করে মারতো। এখনো তাদের দোসররা পেট্রোল বোমা দিয়ে এদেশের মানুষদের পুড়িয়ে মারছে।”
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা বলেন, নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এমানুল হকের সভাপতিত্বে সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম প্রমুখ বক্তব্য রাখেন।