রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাজী আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়। তাকে তিনি টঙ্গীর তৈরি পোশাক কোম্পানী সাতিন গ্রুপের মালিকদের একজন বলে জানা গেছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে বনানী ২৭ নম্বর সড়কের মাথায় আমিনুর রহমানের মোটরসাইকেল একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজধানীর সূত্রাপুরের ৬ নম্বর প্রতাপ দাশ লেনের মৃত কাজী খলিলুর রহমানের ছেলে। উত্তরার ৪ নম্বর সেক্টরে পরিবার নিয়ে থাকতেন।