স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী গণতান্ত্রিক অধিকারের কথা বলবেন আর আন্দোলনের নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাবেন তা হতে পারে না। হরতাল-অবরোধের নামে বিগত ৫৩ দিন দেশজুড়ে যে সহিংসতা চালানো হয়েছে তাতে ইতিমধ্যেই খালেদার মুখোশ খুলে গেছে। জনগণ আর তাকে ক্ষমা করবে না।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুল মাঠে গণতন্ত্রী পার্টির উদ্যোগে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রোল বোমা, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও দানবীয় হত্যার প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।
নাসিম বলেন, যে কোনো ধরনের জঙ্গিবাদী তত্পরতা রুখতে সরকার বদ্ধপরিকর। এখন আমাদের একটাই কাজ তা হলো জঙ্গিদের বিষদাঁত ভেঙে দেয়া। জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।