বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আজ বাংলাদেশ যখন পাকিস্তান থেকে উন্নয়নের সকল সূচকে এগিয়ে আছে, তখন বিএনপি নেত্রী দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অরাজক পরিস্তিতি তৈরি করছে। সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচনের আগে সহিংসতা চালিয়ে যেমন পরাজিত হয়েছেন ঠিক তেমনি আগামী দিনেও তার পরাজয় ঘনিয়ে আসছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দেশরত্ন শেখ হাসিনার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।