নাটোরে দেশি অস্ত্র ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

নানা নাটকীয়তার পর অবশেষে দেশিয় অস্ত্র ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে ধরা পড়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা শরিফুল ইসলাম বাবু। শুক্রবার র্যাব-৫ এর একটি অপারেশন দল উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাজশাহী র্যাব-৫, বাগমারা ক্যাম্পের অপারেশন দলের প্রধান ডিএডি আয়ুব খান জানান, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম বাবু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাবুর শয়নঘর থেকে  বস্তাবন্দী ৮৮ বোতল ফেন্সিডিল, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এর আগে গত রাতেই নলডাঙ্গা থানা পুলিশ বাবুর বাড়িতে তল্ল­াশি চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি। পুলিশের একটি সূত্র (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী জানা সত্ত্বেও পুলিশ তাকে সোর্স হিসাবে পরিচয় দিত এবং কতিপয় পুলিশের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। যে কারণে বাবু মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে। নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বাবু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসা ও অস্ত্র রাখার দায়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে বাবুর সখ্যতার কথা সঠিক নয় বলে তিনি দাবি করেন।