প্রগতিশীল লেখক-ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট। আগামী সোমবার এ ধর্মঘট ডাকা হয়।
শনিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট ছাড়াও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক জানান, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কর্মচারীরা কালোব্যাজ ধারণ করবে এবং দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হবে। সংবাদ সম্মেলনের আগে অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট।
যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী লেখালেখিতে সক্রিয় অভিজিৎকে গত বৃহস্পতিবার বইমেলা থেকে বের হওয়ার পথে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।