সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মূলত বোলারদের কল্যাণেই নিজেদের তৃতীয় ম্যাচটি হেসে খেলে জিতে নেয় টিম ইন্ডিয়া। এছাড়া ফিল্ডিং ও ব্যাটিংয়েও পারফরমেন্স ছিলো বলার মতো। তাই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে দলের এমন অলরাউন্ড পারফরমেন্সে খুশী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘বোলাররা এ ম্যাচে দারুণ বল করেছে। ফিল্ডিং ছিলো দুর্দান্ত। তিন বিভাগেই ভালো পারফর্ম হয়েছে এ ম্যাচে। ঐক্যবদ্ধভাবে খেলেছে পুরো দল।’
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দুটি দলের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ভারত। তৃতীয় ম্যাচে তারা পেয়ে যায় পুচঁকে আরব আমিরাতকে। দল হিসেবে খুব বেশি শক্তিশালী না হওয়ায় আরব আমিরাতের বিপক্ষে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে।
৩১ দশমিক ৩ বলে ১০২ রানেই আরব আমিরাতকে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। পাশপাশি দারুন নৈপুন্য দেখিয়েছেন ফিল্ডাররা। এরপর ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৮৭ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তাই তিন বিভাগে দলের এমন পারফরমেন্সে খুশী ভারতের দলপতি ধোনি, ‘বোলাররা এ ম্যাচে দারুন বল করেছে। এর প্রভাবটা অন্য বিভাগেও পড়েছে। ফিল্ডিং-এ একটি ক্যাচ ফেলেছি আমরা। তারপরও ফিল্ডিং ছিলো দুর্দান্ত। ব্যাটিং-ও ভালো হয়েছে। আসলে এ ম্যাচে তিন বিভাগেই ভালো পারফর্ম হয়েছে। ঐক্যবদ্ধভাবে খেলেছে পুরো দল।’
তিন নম্বর বোলার হিসেবে বল করতে এসে আরব আমিরাতের মেরুদন্ডই ভেঙ্গে দেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শেষপর্যন্ত ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। তাই ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়ে বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমার কজ্বি বেশ ভালো মতোই কাজ করেছে। জায়গা মত বল ফেলতে পেরেছি। আর্ম বলগুলো দারুণভাবে করতে সক্ষম হয়েছি। এ ম্যাচের অভিজ্ঞতা বড় ম্যাচে কাজে দেবে।’
খবর বাসসের।