পাহাড়িকা ট্রেনে পেট্টোল বোমা হামলায় মা-মেয়েসহ দগ্ধ ৩

হবিগঞ্জের শাহজিবাজারে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে মা-মেয়েসহ ৩ জন দ্বগ্ধ হয়েছে। তারা হলেন, সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসল মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫), তার মেয়ে আমেনা বেগম (২০) ও মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রোদ্রের ছেলে মাধব রোদ্র (৩০)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, পাহাড়িকা ট্রেনটি গতকাল শনিবার চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল। রাত সোয়া ৯টায় ট্রেনটি শাহজিবাজার স্টেশনের কাছে পৌছলে কে বা কারা ট্রেনটিতে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে ওই তিন যাত্রী দ্বগ্ধ হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দগ্ধদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।