রাশিয়ায় বিরোধী দলীয় নেতা গুলিতে নিহত

রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির নেতৃস্থানীয় বিরোধী দলীয় রাজনীতিবিদ বোরিস নেমেসাভ রাজধানী মস্কোতে গুলিতে নিহত হয়েছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান সমালোচক হিসেবে খ্যাত। বোরিস নেমেসাভকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। পুতিন তার হত্যার পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত করার অঙ্গিকার করেছেন। আজ রবিবার ইউক্রেন যুদ্ধবিরোধী একটি মিছিলের ডাক দিয়েছিলেন নেমেসাভ। খবর বিবিসি ও রয়টার্সের।

শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে হেঁটে মস্কোর বলশয় কামেনি সেতু পার হওয়ার সময় এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরোধী নেতা বরিস নেমেসাভকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে বর্বরোচিত ও জঘন্য বলে বর্ণনা করেছেন।
পুলিশ জানিয়েছে, ক্রেমলিনের দিকে মুখ করে সেতু পার হওয়ার সময় আততায়ী একটি গাড়িতে করে এসে নেমেসাভকে পেছন দিক থেকে গুলি করেন। তার শরীরের পেছনে দিকে চারটি গুলি লেগেছে। এ সময় নেমেসাভের সঙ্গে এক নারীসঙ্গী ছিলেন বলে জানিয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতঁতায়ী একটি সাদা গাড়িতে এসে পিস্তল দিয়ে তাকে গুলি করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে রুশভাষী সংবাদ ওয়েবসাইট মেডুজা জানিয়েছে, একটি গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে তাকে গুলি করে। রুশ বিরোধীদল আরপিআর-পারনাসাস পার্টির নেতা ছিলেন নেমেসাভ। তার মৃত্যু নিশ্চিত করেছেন দলের অপর নেতা ইলিয়া ইয়াশিন। রুশ লেন্টা.রু সংবাদ ওয়েবসাইটে ইয়াশিন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন আমার সামনে বোরিস নেমেসাভের লাশ দেখছি আমি।’ ক্রেমলিন জানিয়েছে, নেমেসাভকে খুনের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নেয়া ও ইউক্রেনের যুদ্ধের বিরোধী ছিলেন নেমেসাভ। রবিবার মস্কোতে ইউক্রেনের যুদ্ধবিরোধী একটি মিছিল করার ডাক দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে নেমেসাভ বলেছিলেন, ইউক্রেনের গৃহযুদ্ধের বিরোধিতা করার কারণে পুতিন তাকে মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
১৯৯০’র দশকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস ইয়েলিসনের শাসনকালে নেমেসাভ রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ইয়েলিসনের পরবর্তী প্রেসিডেন্ট পুতিন তাকে অগ্রাহ্য করলে সক্রিয় বিরোধী দলীয় নেতায় পরিণত হন তিনি।
নেমেসাভের ‘নৃশংস খুনের’ নিন্দা জানিয়ে “দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত” করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে ওবামা এ হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, ‘রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে নেমেসাভের সংগ্রামের আমি একজন সমর্থক এবং ২০০৯ সালে মস্কো সফরকালে আমার সঙ্গে সাক্ষাত্কালে স্পষ্ট মতামত বিনিময়ে তার যে আগ্রহ দেখেছি আমি তারও প্রশংসা করছি’। তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও নেমেসাভের হত্যার ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, বরিস নেমেসাভ রাশিয়াকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উদার করতে এবং যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশি ও অংশীদারদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে নিজ জীবনকে উত্সর্গ করেছেন। তিনিও এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্তে ওবামার আহ্বানকে সমর্থন করেন। উল্লেখ্য, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের সহিংসতাকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শীতল সম্পর্ক চলছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিদ্রোহীদের মদদ দেয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।