অভিজিত্ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-জাতিসংঘ

লেখক ও ব্লগার অভিজিত্ রায়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জেন সাকি বলেন, অভিজিত্ রায়ের হত্যাকাণ্ড নৃশংস ও কাপুরুষোচিত। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ চাইলে এই ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত।

মুখপাত্র আরো বলেন, অভিজিত্ একজন সাংবাদিক, মানবতাবাদী ও বন্ধু। আমরা তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাই। এক জঘন্য সহিংসতার মাধ্যমে তাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। এটা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত সর্বজনীন আদর্শ এবং বুদ্ধি ও ধর্মীয় আলোচনার স্বাধীনতার বিষয়ে দেশটির গর্ব করার মতো ঐতিহ্যের প্রতিও কাপুরুষোচিত আঘাত। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জেন সাকি বলেন, এ ঘটনার বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে আমরা যথাযথ কনস্যুলার সহযোগিতা দেব। একই সঙ্গে বাংলাদেশ চাইলে এই হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা দিতেও আমরা প্রস্তুত রয়েছি।
জাতিসংঘের নিন্দা: এদিকে ব্লগার অভিজিত্ হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার আহবান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার নিয়মিত প্রেস-ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, অভিজিতের ওপর হামলার বিষয়ে মানবাধিকার ইস্যুতে কর্মরত সহকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দুষ্কৃতকারীদের অবিলম্বে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে বলে তারা আশা করছেন।
বিচারের দাবি সিপিজে’র: অভিজিতের হত্যাকারীদের ধরে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস-সিপিজে। তারা মনে করে বাংলাদেশে অতীতে লেখক-সাংবাদিক আক্রান্তের বিচার না হওয়ায় অভিজিত্ হত্যার পথ সুগম হয়েছে। শুক্রবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং বিচারের আওতায় আনতে সরকারের জোরদার তদন্ত করা উচিত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একুশে বই মেলা থেকে ফেরার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত্ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় অভিজিত্ নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হন।