রাজশাহীতে দুই কোচে আগুন, গুলিবিদ্ধ ১

রাজশাহীতে হানিফ পরিবহনের দুইটি যাত্রীবাহী কোচে আগুন দিয়েছে অবরোধ ও হরতাল সমর্থক বিএনপি নেতা-কর্মীরা । রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোচে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নগরীর শিরাইল বাসটার্মিনালের অদূরে মোল্লামিল এলাকায় রাস্তার পাশে ওই দুটি কোচ দাঁড় করিয়ে রাখা ছিল। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে রিংকু ও তার ছয় সহযোগী তিনটি মোটরসাইকেলে এসে জিআই পাইপ দিয়ে কোচ দুইটির কাচ ভাঙচুর শেষে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কোচের হেলপারের চিৎকারে স্থানীয় জনতা ও পুলিশ এগিয়ে আসলে হামলাকারী বিএনপি নেতা-কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে রিংকু নামে এক বিএনপি কর্মী সড়কে লুটিয়ে পড়ে। তবে তার পাঁচ সহযোগী অপর দুইটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু তার আগেই কোচ দুইটির প্রায় সবগুলো আসন পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।