বিনামূল্যের সরকারি বই খোলাবাজারে, ট্রাকসহ আটক ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য দেয়া সরকারি বই বিক্রির সময় বইবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছেন ইউএনও। আটককৃতরা হলেন, বই ক্রেতা মহিষখোচা ইউনিয়নের ব্যবসায়ী সহিদুল ইসলাম (৩২) ও ঢাকার দক্ষিণখান থানার ৬২২ দক্ষিণ গোসাইন এলাকার আব্দুল মান্নান (৪০)।
শনিবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশহাজারী কসালতলা মোড়ের একটি গোডাউন থেকে ট্রাকলোড করার সময় ট্রাকসহ ওই দুইজনকে আটক করা হয়। এ সময় গোডাউন সিলগালা করে দেন ইউএনও।
এ ঘটনায় রবিবার চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা হলেন, আটককৃত ওই দুইজন, গোডাউন ভাড়াটে জয়নাল (৪৭) ও শফিকুল ইসলাম (৪৪)।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।