শিবগঞ্জে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

বগুড়ার শিবগঞ্জে মাটি বহনকারী ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহত আবু তাহের কৃষি কাজ করে সংসার চালাতেন। দুর্ঘটনায় তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন। 
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার অনন্তবালা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- অনন্তবালা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আবু তাহের (৩৫) ও তার ছোট ছেলে রিয়াদ (৮)। তার বড় ছেলে হৃদয়কে (১০) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, তাহের তার দুই ছেলেকে নিয়ে সাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক সামনের একটি ট্রাককে অতিক্রম করার সুযোগ করে দিতে পেছনে হটতে গিয়ে আবু তাহেরের বাইসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন।