অস্কারজয়ীর নকল মুক্তার পোশাক ফিরিয়ে দিল চোর

 
চুরি করার একদিন পরই অস্কার বিজয়ী অভিনেত্রী লুপিটা নিয়ঙ্গর মুক্তার পোশাক তার হোটেলের একটি আবর্জনার বাক্সে ফেলে রেখে গেছে চোর। চোরের দাবি পোশাকটির মুক্তাগুলো আসল নয়।
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেলভিন ক্লেইন থেকে কেনা পোশাকটির দাম এক লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার। ছয় হাজার মুক্তা খচিত পোশাকটি লুপিটা নিয়ঙ্গের লস এঞ্জেলসের লন্ডন ওয়েস্ট হোটেল থেকে উধাও করেছিল এক চোর। অস্কার অনুষ্ঠান শেষে গত বুধবার সন্ধ্যায় তিনি হোটেল কক্ষে ফিরে দেখেন তার বহুমূল্যের পোশাকটি চুরি গেছে। এর পরই বহুমূল্য পোশাকটির খোঁজ শুরু করে পুলিশ। পরদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া পোশাকটির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পোশাক হোটেলের আবর্জনার বাক্সে খুঁজে পেয়েছে পুলিশ।
সেলিব্রেটিদের খবর দেয় এমন একটি ওয়েবসাইট টিএমজেড ডট কম চোরের বরাত দিয়ে জানিয়েছে, হোটেল রুমের দরজা খোলা পেয়ে এক চোর পোশাকটি চুরি করে নিয়ে যায়। এর পর পোশাকটি থেকে দুইটি মুক্তা খুলে লস এঞ্জেলস শহরের বাইরে একটি দোকানে নিয়ে গিয়ে পরীক্ষা করে জানতে পারে মুক্তাগুলো নকল। এরপরই চোর সেই পোশাকটি হোটেলটির একটি বাথরুমের আবর্জনার বাক্সে ফেলে রেখে যায়। সূত্র: এবিসি নিউজ