বিএনপির হরতাল-অবরোধ তামাশায় পরিণত: মোহাম্মদ নাসিম

 
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে। হরতালের মধ্যে রাস্তায় তীব্র যানজট। বিএনপি জামায়াতের এ তামাশা শিগগিরই বন্ধ হবে।
রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, দলীয় কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দেয়ায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গী নেত্রীতে পরিণত হয়েছেন।
নাসিম বলেন, আমরাও যখন আন্দোলন করেছি তখন পুলিশের হাতে মার খেয়েছি। আর বেগম খালেদা জিয়া অবরোধের নামে নাটক করে দলীয় কার্যালয়ে বসে থেকে দেশের নিরীহ মানুষ হত্যার নির্দেশ প্রদান করছেন।
বিদেশীদের পায়ে ধরে লাভ নেই উল্লেখ করে নাসিম বলেন, বিদেশীদের কথায় কোন সংলাপ হবে না। সংলাপ হবে ২০১৯ সালে নির্বাচন কমিশনের সাথে। কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের সাথে নয়।