বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড দল :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এখন কার্যত আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এ দলের নেত্রী স্বেচ্ছায় অবরুদ্ধ থেকে দফায় দফায় হরতাল-অবরোধের নামে সহিংসতা চালাচ্ছেন এবং তার পক্ষে দীর্ঘদিন আত্মগোপনকারী অপর এক নেতা ই-মেইলে কুরুচিপূর্ণ বক্তব্য-বিবৃতি দিয়ে চলেছেন। দেশের মানুষ তাদের এসব কার্যকলাপে বিরক্ত। তবে চলমান এসব গণবিরোধী কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত জোটকে একদিন অবশ্যই জবাবদিহি করতে হবে।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে পূর্বাণী হোটেলের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, বাঙালি বীরের জাতি। এ জাতি কারো রক্ত-চক্ষুর ভয় করে না। জনগণ খালেদা জিয়ার হরতাল-অবরোধের ডাকে সাড়া দেয়নি। আর তাই তিনি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিএনপি-জামায়াত ক্যাডারদের পেট্রোল বোমাসহ বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত শতাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেত্রী সুশীল সমাজের শরণাপন্ন হন। কিন্তু তাতেও কাজ হয়নি। এখন বিদেশিদের কাছে সংলাপের জন্য ধরনা দিচ্ছেন। ১৪ দলের মুখপাত্র দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, খালেদা জিয়ার মতো জঙ্গি ও আন্ডারগ্রাউন্ড নেত্রীর সাথে কোনো সংলাপ হবে না।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রবীণ শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক মন্টু, আমিনুল হক ফারুক, হাবিবুর রহমান আকন, জহিরুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান চুন্নু, শামসুল আলম বকুল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আজম খসরু।