জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্মদিন ছিল গত শনিবার। আর প্রেসিডেন্টের জন্মদিন বলে কথা। তাইতো তার জন্মদিনের পার্টিতে জবাই করা হলো হাতি!
জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস রিসোর্টের বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত রবার্ট মুগাবের ৯১তম জন্মদিনে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাসহ তার দলের শুভাকাঙ্খীরা। তিনি যখন অনুষ্ঠানে উপস্থিত হন তখন তার দলের নেতা-কর্মীরা নেচে-গেয়ে তাকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে তার স্ত্রী-সন্তানরাও উপস্থিত ছিলেন। জন্মদিনের পার্টির শুরুতে ৯১টি বেলুন আকাশে ওড়ানো হয়। হোটেলের গলফ্ মাঠে কয়েকটি হাতি জবাই করে অতিথিদের আপ্যায়ন করা হয়। সাতটি বড় আকারের কেক কাটা হয়। একটির ওজন ছিল ৯১ কেজি যা তার বয়সকে ইঙ্গিত করে তৈরি করা হয়। সমালোচকরা তার জন্মদিনকে অদভুত চিন্তা বলে উল্লেখ করেছেন। কারণ দেশটিতে এখনো অনেক মানুষ দারিদ্র্য সীমার নীচে বাস করছেন। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ে শাসন করছেন মুগাবে। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা। -ডন