লক্ষ্মীপুরের কমলনগরে 'বন্দুকযুদ্ধে' জামায়াতকর্মী মাইন উদ্দিন (৩২) ও যুবদলকর্মী আরিফ হোসেন (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের লরেন্স বেরাগো মোড় এলাকায় এ ঘটনা ঘটে
গুলিবিদ্ধদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসিসহ আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত জামায়াতকর্মী মাইন উদ্দিন কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। যুবদলকর্মী আরিফ হোসেন চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মৃত নরুল হকের ছেলে।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে যুবদল ও জামায়াত-শিবিরকর্মীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করছিল। এ সময় ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে টহল গাড়ি লক্ষ্য করে তারা পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এবং পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জামায়াত ও যুবদলের ঐ দুই কর্মী গুলিবিদ্ধ হন, অন্যরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার করাত ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওসি কবির আহাম্মদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান এএসআই।