ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতল চেলসি। রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির প্রথম গোলটি করেন জন টেরি, দ্বিতীয়টি আত্মঘাতী।
ম্যাচের শুরুর প্রথমার্ধের শেষ মিনিটে প্রথম গোলের দেখা পায় চেলসি। ডান দিক থেকে উইলিয়ানের ফ্রি কিকে হেড করেছিলেন টনেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার ড্যানি রোজ। কিন্তু বল টটেনহ্যামের আরেক খেলোয়াড় হ্যারি কেইনের গায়ে লেগে টেরির কাছে চলে যায়। এই সুযোগে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
বিরতি থেকে ফিরে ৫৬তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সেস ফাব্রেগাসের পাস থেকে শট নেন দিয়েগো কস্তা। সেটি রুখতে চেষ্টা করেন টটেনহ্যামের কাইল ওয়াকার। কিন্তু তার পায়ে লেগে বল জালে ঢুকে যায়। এরপর আর কোনো গোল না হলেও বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে চেলসি।