ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিজের শহর তিরকিত পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু করেছে ইরাক। ইরাকি টিভির বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনী শহরে আক্রমণ করেছিল। এছাড়া ইরাকি যুদ্ধবিমান থেকে বিমান হামলা করা হয়েছে।
রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত তিরকিত শহরটি গত বছরের জুনে দখল করে নেয় আইএস জঙ্গিরা।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সালাহুদ্দিন প্রদশের সামরকি নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন।
আল-ইরাকিয়া টিভি জানিয়েছে, আইএস জঙ্গিরা তিরকিতের বাইরের কিছু এলাকা থেকে পিছু হটছে। তবে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।