আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ফরিদপুরের সালথা উপজেলায় জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যেসংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে মেম্বার গট্টি গ্রামের একটি গম ক্ষেতের মধ্যে জুয়া খেলা নিয়ে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুনান কাজীর সমর্থক বকুল শেখের সাথে গট্টি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্যার সমর্থক হাসান মোল্যার হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে গতকাল সকালে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও স্যান নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষকারীদের ইটের আঘাতে এসআই মনির হোসেন ও কনস্টেবল মোহাম্মাদ আলী আহত হন। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পুলিশসহ স্থানীয় ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল হাসলাতালে ভর্তি করানো হয়েছে। বাকি ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ৪৫ রাউন্ড রাবার বুলেট ও পাঁচটি টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।