শান্ত জেলা পঞ্চগড়েও এবার শুরু হল নাশকতা। সোমবার ভোররাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে দুইটি বাস। আগুন দেয়া হয়েছে স্থানীয় দুইটি আওয়ামী লীগ অফিসে। আগুনে দুইটি বাসের ভেতরের বেশিরভাগ অংশ ও দলীয় কার্যালয়ের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার ভোর রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এবং জগদল ও টুনিরহাটে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর পৌনে চারটার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের সামনে সাঈম-স্বপ্নীল পরিবহনের একটি ও সরকারি শিশু পরিবারের সামনে দাঁড়িয়ে থাকা জয়-সাক্ষর পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয়া হয়। তবে গাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুইটি বাসের ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
এছাড়া প্রায় একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে ও টুনিরহাট বাজারে অবস্থিত স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেয় দুর্বৃত্তরা স্থানীয় লোকজন ও টহলরত আনসার সদস্যদের সতর্কতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে ওই দুইটি দলীয় কার্যালয় খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি।
উল্লেখ্য, অবরোধ ও হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত যানবাহন ও দলীয় কার্যালয়ে আগুন পঞ্চগড়ে এই প্রথম।
গতকাল বিকেলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মশিউল গণি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পেট্রোল আনা ও ঢালার কাজে ব্যবহার করা ছোট-বড় বোতল, মগ, সারের ছোট বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।