লস এঞ্জেলসে গৃহহীন ব্যক্তিকে গুলি করে হত্যা করল পুলিশ

 
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গৃহহীন এক ব্যক্তিকে গুলি হত্যা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ থেকে বিষয়টি জানা গেছে।
 
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের স্কিড রো এলাকায় 'আফ্রিকা' নামে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পুলিশের কয়েকজন কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে পুলিশের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এক পর্যায়ে তিনি পুলিশকে অস্ত্র ফেলে দিতে বলেন। এর কয়েক সেকেন্ড পরই তাঁকে লক্ষ্য করে তিনজন পুলিশ পাঁচটি গুলি ছোড়ে। নিহত ব্যক্তির মানসিক চিকিৎসা নেয়ার পর থেকে গৃহহীন ছিল বলে জানা গেছে।
 
পুলিশ বলেছে, একটি ডাকাতির ঘটনার তদন্তের জন্য তারা ওই এলাকায় গিয়েছিল। ওই ব্যক্তি সশস্ত্র ছিল কি-না, তাও জানায়নি পুলিশ। ঘটনার সঙ্গে কতজন কর্মকর্তা জড়িত ছিলেন তা বলতে অস্বীকৃতি জানালেও তাদের কেউই আহত হয়নি বলে লস অ্যাঞ্জেলস টাইমসকে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র সার্জেন্ট ব্যরি মন্টোগোমেরি। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের স্কিড রো একটি কুখ্যাত এলাকা যেখানে বেশ বড় সংখ্যায় গৃহহীন মানুষ রয়েছে। সূত্র: বিবিসি