স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

 
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মধ্যেই সোমবার স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর পাশাপাশি উত্তর কোরিয়ার পিপলস আর্মি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের কিনারায় নিয়ে যাবে।
 
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সোমবার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় দেশ দুইটির দশ হাজারেরও বেশি সেনা অংশগ্রহণ করেছে। আগামী আট সপ্তাহ ধরে চলবে এ মহড়া।
 
এ ধরনের মহড়া নিয়ে বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পিয়ংইয়ং। সিউল এবং ওয়াশিংটন এই সামরিক মহড়াকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করলেও একে আগ্রাসনের মহড়া হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
 
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, সামরিক মহড়ার জবাবে সোমবার সকালে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। বিবৃতিতে যৌথ মহড়ার নিন্দা করে একে দেশটির সার্বভৌমত্বের প্রতি ‘প্রচ্ছন্ন আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
 
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নামপো শহর থেকে ৪৯০ কিলোমিটার পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র  কোরিয়া উপদ্বীপ সংলগ্ন সাগরে নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সিওক সাংবাদিকদের বলেন, আমরা যেকোনো ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেব। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপান এক বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি