বাস ভাড়া নিয়ে সুপারভাইজার ও যাত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হেলপারে ধাক্কায় ঐ গাড়ির নিচে পিষ্ট হয়ে রিপন নামে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে। নিহত রিপন প্রগতি সরণির শ্যামলী বাস কাউন্টারের সামনে চায়ের দোকানদার ছিলেন।
বাসের যাত্রী শিমুল জানান, মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা তেঁতুলিয়া পরিবহনের যাত্রী রিপনের সঙ্গে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিশ্বরোড এলাকায় সুপারভাইজার তাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়ার জন্য ধাক্কা দিয়ে গেটের কাছে নিয়ে যায়। বাসের গতি একটু কমিয়ে ফেললে হেলপার দরজা থেকে রিপনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে বাসের পিছনের চাকা রিপনের ওপর দিয়ে চলে যায়। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে তিনি মধ্য বাড্ডায় বাস থেকে নেমে ঘটনাস্থলে যান।
অন্যদিকে, ভাটার থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর তারা বাসটিকে খুঁজছে। নিহতের ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।