উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেছেন, ‘পর্যাপ্ত অবকাঠামো ও নীতিমালার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে দেশি-বিদেশি সরাসরি বিনিয়োগ অনেক কমে গেছে। বিনিয়োগের সার্বিক অবস্থার পরিবর্তন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বাধাগ্রস্ত হবে। তাই প্রবৃদ্ধির স্বার্থে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।’
সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসিসিআইয়ের সহ-সভাপতি সোহেব চৌধুরী, পরিচালক সবুর খান, রিজওয়ান-উর-রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ৬ মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। মাতারবাড়ী বিদ্যুেকন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কাজ শুরু হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে বিদ্যুত্ সঙ্কট থাকবে না। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। পরিকল্পনামন্¿ী আরও বলেন, ঢাকার সীমানা বৃদ্ধি করার প্রয়োজন নেই। ঢাকার বাইরে শহুরায়ন করা হবে। সরকার প্রত্যেককে শিক্ষিত করতে বৈপ্লবিক ভূমিকা পালন করছে। সকল বয়সের মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করছে। ২০২১ সালের মধ্যেই সব লক্ষ্যই পূরণ হবে। এমডিজির লক্ষ্যও পূরণ হবে। আগামী একনেক সভায় ১২টি জেলায় ১২টি সফটওয়্যার পার্ক তৈরির জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হবে।