বছরের সবচেয়ে কম দিনের মাস ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা কম রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম আট মাসের মধ্যে অক্টোবর ছাড়া আর সব মাসেই ফেব্রুয়ারির চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১১৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের ফেব্রুয়ারিতেও প্রায় একই পরিমাণ রেমিট্যান্স এসেছিল। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৯৯০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৯২০ কোটি ৬৫ লাখ ডলার। সে হিসাবে আগের অর্থবছরের আট মাসের তুলনায় বর্তমান অর্থবছরের আট মাসে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হিসাবে দেখা গেছে, অর্থবছরের আটমাসের মধ্যে প্রথম মাস জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল। সে মাসে এসেছিল ১৪৯ কোটি ২৪ লাখ ডলার। অর্থবছরের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে অক্টোবর মাসে। অক্টোবরে ১০১ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। এছাড়া আগস্টে ১১৭ কোটি ৪৩ লাখ, সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৪২ লাখ, নভেম্বরে ১১৮ কোটি ২৯ লাখ, ডিসেম্বরে ১২৭ কোটি ৫০ লাখ এবং জানুয়ারিতে ১২৪ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৫৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৭ কোটি ৩১ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল এক কোটি ৪৬ লাখ ডলার।