রামপুরায় হামলায় সাবেক আয়কর কর্মকর্তা নিহত

 
 
রাজধানীর রামপুরায় আবু তাহের (৭০) নামে এক বাড়ির মালিক ডাকাতের হামলায় নিহত হয়েছেন। তিনি একজন সাবেক আয়কর কর কর্মকর্তা বলে জানা গেছে।
 
সোমবার ভোরে এই দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ডাকাতির ঘটনার ব্যাপারে জানা গেছে, আবু তাহের পূর্ব রামপুরা টিভি গেইট এলাকার ৩৪৭ নম্বর রোডের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন। ভোর সাড়ে তিনটার দিকে ডাকাত দল ওই বাড়িতে ঢুকে তার হাত পা বেঁধে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন বৃদ্ধ আবু তাহেরকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে আবু তাহেরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে কি কি জিনিসপত্র লুট করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ কারনে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।