রসুন বোঝাই ট্রাকে আগুন, ওয়ার্ড কাউন্সিলর আটক

 
বাঘা উপজেলার মনিগ্রাম গঙ্গারামপুর মোড়ে রসুন বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধ-হরতালকারীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার এই ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ তফিকুল ইসলাম, তুলশিপুর মাইনুল ইসলাম এবং বাঘা পৌরসভার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
ট্রাকের ড্রাইভার মিজানুর রহমান জানান, উপজেলা সদর থেকে ১৩৩ বস্তা রসুন নিয়ে ট্রাকটি (কুষ্টিয়া-ড-১১-০০২০ নম্বর) নওগাঁর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মনিগ্রাম গঙ্গারামপুর মোড়ে ৮/১০ ব্যক্তি সড়কে গাছ ফেলে অবরোধ করে। এসময় ড্রাইভার ও হেলপারকে নামিয়ে মারপিটের পর ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে রসুন ও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। 
বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, অগ্নিসংযোগের পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।