বগুড়ায় ট্রাকে আগুন, রেজিষ্ট্রি অফিসে ককটেল

 
 
২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল চলাকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে জেলা পুলিশ নাশকতা ও ভাঙচুরের মামলায় জড়িত অভিযোগে গত ২৪ ঘন্টায় বিভিস্থান হতে জামায়াত-শিবির ও বিএনপির মোট ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, সকাল পৌনে ছয়টার দিকে একদল দুর্বৃত্ত মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি মাছবোঝাই পিকআপভ্যানে (নওগাঁ-ন-১১-১০১০)  আগুন দেয়। পিকআপটি কাহালু থেকে মাছ নিয়ে নাটোর যাচ্ছিল। এ সময় অপর একটি ট্রাক (সিরাজগঞ্জ-ড ১১-০২৭৫) সেখানে পৌঁছলে দুর্বৃত্তরা সেটিকে ধাওয়া দেয়। চালক প্রাণভয়ে ট্রাক নিয়ে স্থানীয় একটি স-মিলের ভেতরে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা সেখানেই ট্রাকটিতে আগুন দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
 
ট্রাকচালক রফিকুল ইসলাম জানান, কয়েকজন ব্যাপারী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আলু কেনার জন্য কাহালুর বিবিরপুকুর হাটে যাচ্ছিলেন। এরুলিয়া এলাকায় পৌঁছলে ট্রাকে হামলা এবং আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।