‘আন্দোলনে ব্যর্থ খালেদা জিয়া সংলাপের বাহানা করছেন’



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সংলাপের বাহানা শুরু করেছেন। কিন্তু আমাদের কাছে তার এই বাহানার কোনো গুরুত্ব নেই। সরকারের একটাই এজেন্ডা আর তা হলো বিএনপি-জামায়াত জোটের নাশকতা দমন এবং দেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা।’

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসিম বলেন, ‘পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি নেত্রী নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির খেলায় মেতে উঠেছেন। পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় যেতে চান। এজন্য তিনি নির্বাচনের দাবি তুলছেন। কিন্তু তার নির্বাচন বর্জনের সেই ভুলের খেসারত কেন দেশবাসীকে দিতে হবে?’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকারের মেয়াদ পাঁচ বছর। খালেদাকে সরকারের মেয়াদ পূর্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন নিয়ে বিদেশীদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হবে না। কারণ শেখ হাসিনার সরকার যত বড় পরাশক্তিই হোক না কেন কারো নির্দেশ পালন করবে না। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।