সময় টিভির নোয়াখালী অফিসে ককটেল নিক্ষেপ

বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় এর নোয়াখালী অফিসে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। এসময় অফিস বন্ধ থাকায় কোনো দূর্ঘটনা ঘটেনি। আজ সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের মাইজদী টাউন হল মোড়ে সময় টিভির অফিসের জানালার উপরে দেয়ালে বিকট আওয়াজে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও সদর সার্কেল এএসপি নিস্কৃতি চাকমা ঘটনার স্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিস্ফোরিত বস্তুটিতে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি। সন্ত্রাসীরা আতংক সৃষ্টির জন্য পটকা নিক্ষেপ করেছে। যারা এঘ টনার সাথে জড়িত তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্যা কামরুল জানান, রাত আটটার দিকে অফিস বন্ধ করে পাশে একটি জাতীয় দৈনিকের অফিসের বসে কথা বলছিলেন। এ সময় একটি বিকট শব্দ শুনে তিনি দেখেন তার অফিস ধোঁয়ায় আছন্ন হয়ে আছে।
দূবৃর্ত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এদিকে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুদ্র এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।